পিয়াজের বাজারে মূল্যবৃদ্ধি: সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে
পিয়াজের বাজারে মূল্যবৃদ্ধি: সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে
প্রতিবেদক: মোঃ সাকিব খাঁন
২৬ আগস্ট ২০২৪, সোমবার
সরকার পতনের পর থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকট দেখা দিয়েছে। একের পর এক দুর্যোগের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে পিয়াজের বাজারে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
বাজার ঘাটের অবস্থা দেখতে গেলে দেখা যায়, পিয়াজের ব্যবসায়ীরা নাজেহাল অবস্থায় আছেন। আগের মতো ক্রেতা-সাধারণ বাজারে আসা-যাওয়া কমিয়ে দিয়েছেন। লোকজনের মধ্যে আতঙ্ক এবং অসন্তোষ দেখা দিচ্ছে, কারণ পিয়াজের মূল্যবৃদ্ধি তাদের রান্নার খরচকে ব্যাপকভাবে প্রভাবিত করছে।
আজকের হাটে দেখা গেছে, মাঝারি সাইজের পিয়াজের চাহিদা ছিলো অত্যন্ত বেশি। এ ধরনের পিয়াজ ৩৫০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। বড় সাইজের পিয়াজের দাম উঠেছে ৪০০০ টাকা মণে। অন্যদিকে, আরও উন্নত মানের বেচন পিয়াজ ৪৮০০ টাকা মণে বিক্রি হয়েছে। তবে সাধারণ বাজারে খুচরা দামে ১২০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি হতে দেখা গেছে, যা ক্রেতা-সাধারণের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে।
পিয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত ও পাকিস্তান থেকে যদি পিয়াজের আমদানি না হয়, তাহলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। আমদানি বন্ধ থাকলে পিয়াজের দাম বহুগুণে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য পিয়াজ একটি অত্যাবশ্যকীয় পণ্য হয়ে উঠেছে, যার মূল্য নিয়ন্ত্রণ করা না গেলে ভোক্তাদের আরো বেশি বিপদে পড়তে হবে।
সরকারের উচিত দ্রুততার সঙ্গে এই পরিস্থিতির সমাধান করা এবং আমদানি সহজ করা। অন্যথায় পিয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা দেশজুড়ে একটি বড় সংকটের সৃষ্টি করবে।

Comments
Post a Comment